ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে মাদক মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ সলিম উল্লাহ (৩২) কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫।রোববার (১৮ মে) রাত ৮টা ১০ মিনিটে টেকনাফ মডেল থানাধীন সাবরাং ইউনিয়নের নয়াপাড়া এলাকায় র্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে।র্যাব জানায়, গ্রেফতার সলিম উল্লাহ চট্টগ্রামের লোহাগাড়া থানার একটি মাদক মামলার সাজাপ্রাপ্ত ও জিআর পরোয়ানাভুক্ত পলাতক আসামি। অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে ঘেরাও করে আটক করা হয়।গ্রেফতারকৃত সলিম উল্লাহ টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের পুরান পাড়া এলাকার মৃত আনোমিয়ার ছেলে।র্যাব আরও জানায়, লোহাগাড়া থানার মামলা নং-৩৫(৭)২০২১, জিআর নং-৩৩৬/২০২১ এর অধীনে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় দায়ের করা মামলায় আদালত তাকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড, ১ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায়ের পর থেকে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার আসামিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
প্রতিনিধির নাম 



















