মনির হোসেন, যশোর জেলা প্রতিনিধি: যশোরে চাঁদার টাকা না দেওয়ায় আইনজীবীর ছেলে আরিক জাহান সময়কে মারপিট করে হত্যাচেষ্টার অভিযোগে এশিয়ান টিভির সাংবাদিক হাসিবুর রহমান শামীমসহ পাঁচজনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। সোমবার আহত আরিকের পিতা ও যশোর আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মুক্তাদিরুল হক বাদী হয়ে এ মামলা করেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের জন্য কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। অন্য আসামিরা হলেন শহরতলীর বিরামপুর ভাটাপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে শিমুল ও জুয়েল, মোশারফ হোসেনের ছেলে মুছা এবং শিমুলের ছেলে ফয়সাল।
মামলার অভিযোগে জানা গেছে, গত ৬ মে আসামি শামীম অ্যাডভোকেট মুক্তাদিরুল হকের চেম্বারে গিয়ে একটি সিআর মামলা দায়েরের জন্য যোগাযোগ করেন। এ সময় ১০ হাজার টাকায় মামলাটি পরিচালনার মৌখিক চুক্তি হয়। শামীম এক হাজার টাকা দিয়ে বাকি টাকা পরে পরিশোধ করবেন বলে জানান। পরে তিনি টাকা না দিয়ে টালবাহানা করতে থাকেন। এ নিয়ে বিরোধের জেরে গত ১৪ মে পুরাতন জজকোর্টের গেটে শামীম ও তার সহযোগীরা আইনজীবীকে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় অ্যাডভোকেট মুক্তাদিরুল হক কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এরই জেরে গত ১৭ মে রাতে শামীমের নেতৃত্বে অন্য আসামিরা আইনজীবীর বিরামপুরের বাড়িতে হামলা চালায় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ সময় আইনজীবীর ছেলে আরিক জাহান সময় ঘর থেকে বের হলে আসামিরা তাকে হকিস্টিক দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা করে। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে আসামিরা খুনের হুমকি দিয়ে চলে যায়। পরে আইনজীবী সমিতির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে আদালতে এ মামলা দায়ের করা হয়।
বিষয়ে সাংবাদিক শামীমের দাবি, এটা শ্রেফ তাদের পারিবারিক বিষয়। ষড়যন্ত্রমুলক ভাবে তাকে ফাঁসানো হয়েছে। এছাড়া ঘটনার সময় তিনি তার অফিসে ছিলেন।
প্রতিনিধির নাম 

















