স্পোর্টস ডেস্ক: আরেকটি বিশ্বকাপ, আরেকটি ইতিহাস ছোঁয়ার অপেক্ষা। প্রত্যাশিতভাবেই লিওনেল মেসির কাঁধে চড়ে শিরোপা ধরে রাখার মিশনে নামছে আর্জেন্টিনা। মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে আসন্ন বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। ৩৮ বছর বয়সী ইন্টার মায়ামি ফরোয়ার্ড মেসির জন্য এটি হতে যাচ্ছে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ।
স্কালোনির এই দলে জায়গা হয়নি রিয়াল মাদ্রিদের টিন এজার ফ্র্যাঙ্কো মাস্তানটুনোর। ১৮ বছর বয়সী মাস্তানটুনোকে ইতোমধ্যেই আর্জেন্টাইন ফুটবলের অন্যতম সম্ভাবনাময় খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হচ্ছে।
বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় এই আসর আগামী ১১ জুন থেকে শুরু হচ্ছে। উদ্বোধনের পাঁচদিন পর কানসাস সিটিতে আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বচ্যাম্পিয়নরা শিরোপা ধরে রাখার যাত্রা শুরু করবে।
সাম্প্রতিক সময়ে মেসিকে নিয়ে ইনজুরি শঙ্কা ছিল। তার ক্লাব ইন্টার মিলান জানিয়েছে ক্লাবের মেডিকেল টিম মেসির বাম হ্যামস্ট্রিংয়ে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার পর তেমন কোন গুরুতর সমস্যা পায়নি। যদিও এখনও মেসি মাঠের বাইরে রয়েছেন। মিয়ামির পক্ষ থেকে তার ফেরার নির্দিষ্ট কোন তারিখও জানানো হয়নি।
জাতীয় দলের কোচ স্কালোনিও মেসির ইনজুরি নিয়ে শঙ্কিত নন।
গত মাসে হাঁটুর ইনজুরিতে আক্রান্ত সেন্টার-ব্যাক ক্রিস্টিয়ান রোমেরোও বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন। টটেনহ্যামের অধিনায়ক অবশ্য প্রিমিয়ার লিগের শেষ দিকের ম্যাচ খেলতে পারেননি।
কাতার বিশ্বকাপ জয়ী ১৭ জন খেলোয়াড় এবারের দলে রয়েছেন।
তরুণ খেলোয়াড় হিসেবে দলে সুযোগ পেয়েছেন ২১ বছর বয়সী নিকোলাস পাজ ও ভ্যালেন্টিন বারকো। গত বছর আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হওয়া পালমেইরাসের ফরোয়ার্ড হোসে ম্যানুয়েল লোপেজ দলে জায়গা ধরে রেখেছেন।
এ্যাস্টন ভিলার হয়ে দুর্দান্ত ফর্মে থাকা এমিলিয়ানো বুয়েনডিয়া বিশ্বকাপ দলে সুযোগ পাননি। এছাড়া রোমা তারকা পাওলো দিবালাও বাদ পড়েছেন।
আগামী ৬ ও ৯ জুন যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে যথাক্রমে হন্ডুরাস ও আইসল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা।
মেসির পাশাপাশি পর্তুগীজ ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনাল্ডো ও মেক্সিকান গোলরক্ষক গুইলারমো ওচোয়াও ষষ্ঠ বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছেন।
স্কোয়াড :
গোলরক্ষক : এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি, হুয়ান মুসো
ডিফেন্ডার : গঞ্জালো মন্টিয়েল, নাহুয়েল মোলিনা, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস ওটামেন্ডি, লিওনার্দো বালের্ডি, ক্রিস্টিয়ান রোমেরো, ফাকুন্ডো মেডিনা, নিকোলাস টাগলিয়াফিকো
মিডফিল্ডার : লিনদ্রো পারেডেসে, রডরিগো ডি পল, এক্সেকুয়েল পালাকিওস, এনজো ফার্নান্দেজ. এ্যালেক্সিস ম্যাকএ্যালিস্টার, গিওভানি লো সেলসো, ভ্যালেন্টিন বারকো
ফরোয়ার্ড : লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ, নিকোলাস পাজ, থিয়াগো আলমাডা, নিকোলাস গঞ্জলেজ, গুইলিয়ানো সিমিওনে, লটারো মার্টিনেজ, হোসে ম্যানুয়েল লোপেজ।
প্রতিনিধির নাম 
























