বাংলাদেশ ব্যাংক তরুণ উদ্যোক্তাদের ঋণ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে সতর্কতা জারি করেছে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বিকাশসহ বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে প্রতারক চক্র।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক সতর্কবার্তায় বলা হয়, ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় ঋণ দেওয়ার নামে প্রতারণার ঘটনা ঘটছে। এ কর্মসূচির আওতায় কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অর্থ প্রদান থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, ‘উদ্যোগ’ নামে তাদের কোনো আনুষ্ঠানিক ফেসবুক পেজ বা অফিসিয়াল অ্যাকাউন্ট নেই। ভুয়া পেজ বা অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সরকার তরুণদের উদ্ভাবনী উদ্যোগে অর্থায়ন ও নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা করেছে। এর অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক ‘উদ্যোগ’ কর্মসূচি চালু করেছে, যার আওতায় তরুণ উদ্যোক্তারা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন পাবেন।
এ কর্মসূচির লক্ষ্য হচ্ছে দেশের প্রতিটি প্রান্তিক ও উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণদের খুঁজে বের করে অর্থায়ন ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া। গত ১৩ সেপ্টেম্বর এ কর্মসূচির অর্থায়নসংক্রান্ত নীতিমালা জারি করা হয় এবং প্রথম পর্যায়ে আট জেলার উদ্যোক্তাদের কাছ থেকে আবেদন নেওয়া হয়।
প্রতিনিধির নাম 






















