হরমুজ প্রণালিতে আরও দুটি তেলবাহী ট্যাংকারে আগুন লাগার খবর জানিয়েছে ইরানের নৌবাহিনী। জাহাজ দুটি সমুদ্রপথে পাতা মাইনে আঘাত হানার পর আগুন ধরে যায় বলে দাবি করেছে তারা।
গত ২৪ ঘণ্টায় প্রণালিটি দিয়ে চলাচলের চেষ্টা করা অন্তত পাঁচটি তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, সর্বশেষ আগুন লাগা দুটি ট্যাংকার সামুদ্রিক মাইনে আঘাত হেনেছে। তবে জাহাজ দুটির নাম, মালিকানা কিংবা তেলের পরিমাণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
বিবৃতিতে বলা হয়, “সমুদ্রপথে দেওয়া সতর্কবার্তা উপেক্ষা করা এবং সমন্বয় ছাড়াই নিষিদ্ধ এলাকায় প্রবেশ করাকে এই দুটি ট্যাংকারে আগুন লাগার অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।” তেহরানের দাবি, এসব জাহাজ নির্ধারিত বা অনুমোদিত নৌপথ অনুসরণ না করে প্রণালিটি অতিক্রমের চেষ্টা করেছিল।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে এই জলপথ, যেখানে বিশ্বের মোট ব্যবহৃত তেলের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন করা হয়।
অগ্নিকাণ্ডের ঘটনায় জাহাজগুলোর ক্ষয়ক্ষতি, নাবিকদের হতাহত হওয়ার তথ্য কিংবা মাইনের আঘাতে আগুন লাগার দাবির বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি। সূত্র: আল-জাজিরা
প্রতিনিধির নাম 
























