রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন চলাকালে পুলিশের ওপর হামলার ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) আওয়ামী লীগের সাবেক এক নেতার অনুসারীদের সম্পৃক্ততার তথ্য পেয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক সহসভাপতি এস এম মান্নানের (কচি) মদদে তাঁর আস্থাভাজনরা এ হামলায় অংশ নেন। এ ঘটনায় শিহা গার্মেন্টসের আট কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিবির একটি সূত্র জানায়, এস এম মান্নান (কচি) শিহা গার্মেন্টসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান ছিলেন। ৫ আগস্টের পর তাঁর আস্থাভাজন ব্যক্তিরা কারখানাটি পরিচালনা করছেন। প্রাথমিক তদন্তে ওই কারখানার আট কর্মীর বিরুদ্ধে পুলিশের ওপর হামলায় জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।
সূত্রটি আরও জানায়, এস এম মান্নানের ইন্ধনে ওই এলাকায় পরিস্থিতি অস্থিতিশীল করা হয়েছে এবং পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। গ্রেপ্তার আটজনের মধ্যে কয়েকজন নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত। হামলায় আরও কয়েকজন অংশ নিয়েছিলেন বলে তথ্য পাওয়া গেছে এবং তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।
ডিবি জানিয়েছে, পুলিশের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের পরিচয় ও রাজনৈতিক সংশ্লিষ্টতা যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধির নাম 























