লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর আমির পদে ২৩ বছর পর পরিবর্তন হয়েছে। নতুন আমির হিসেবে নির্বাচিত হয়েছেন এ আর হাফিজ উল্লাহ। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ছিলেন।
গতকাল বুধবার (৪ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটির বিষয়টি নিশ্চিত করেছে দলটি। এ আর হাফিজ উল্লাহ আগামী দুই বছর আমির হিসেবে দায়িত্ব পালন করবেন। এর আগে তিনি লক্ষ্মীপুর জেলা জামায়াতের সেক্রেটারি ছিলেন।
চলতি বছরের ৮ ফেব্রুয়ারি নির্বাচনী এলাকায় গণসংযোগের সময় ভোটারদের উদ্দেশে বক্তব্য দিয়ে সমালোচিত হন এ আর হাফিজ উল্লাহ। তিনি বলেছিলেন, ‘আপনারা যদি ইসলামের পক্ষে, পবিত্র কোরআনের পক্ষে, দাঁড়িপাল্লায় ভোট দেন; আপনারা জান্নাত অবধারিত।’ এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়।
এ আর হাফিজ উল্লাহ পরে বলেন, ‘এমন কোনো বক্তব্য আমি দিয়েছি কি না, তা আমার মনে নেই। তবে ভুল করে মুখ ফসকে এমন কিছু বলে থাকতে পারি।’ নতুন দায়িত্ব পাওয়ার বিষয়ে তিনি জানান, ‘নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে এ দায়িত্ব পালনের চেষ্টা করব।’
প্রতিনিধির নাম 





















