দুই ভাইয়ের মৃত্যুতে শোকাহত — চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় ১০ মাসের মোহাম্মদ আবু বক্কর আরব রোববার দিবাগত রাত ১টা ১০ মিনিটে মারা যায়। এর আগে, শুক্রবার সকালে একই হাসপাতালে মারা যায় তার ১০ বছরের বড় ভাই মোহাম্মদ আরাফাত। দুই ভাইয়ের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছিল এবং তাদের হাম ও নিউমোনিয়ার জটিলতা দেখা দিয়েছিল।
শুক্রবার মোমেনবাগ কবরস্থানে আরাফাতকে দাফন করা হয়। সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে তার পাশেই আবু বক্করকে শায়িত করা হয়। দুই ভাই এখন পাশাপাশি কবরস্থানে শুয়ে আছেন। তাদের বাবা মোহাম্মদ কবির ও মা আয়েশা বেগম এখন সম্পূর্ণ নিঃস্ব। তাদের আর কোনো সন্তান নেই। বর্তমানে তারা পাশের বড় ভাইয়ের বাসায় অবস্থান করছেন।
মোহাম্মদ কবির বলেন, “আমার সব শেষ। দুইটা ছেলেই চলে গেল। আমি এখন কী নিয়ে বাঁচব?” তিনি জানান, বড় ছেলে আরাফাত পড়াশোনায় ভালো ছিল এবং তাকে কুরআনের হাফেজ বানানোর স্বপ্ন ছিল। তিনি বলেন, “রমজানে মাদ্রাসায় ভর্তি করানোর সব কথাবার্তা চূড়ান্ত ছিল। কিন্তু তার আগেই চলে গেল সে।”
আয়েশা বেগমের অবস্থা খুবই খারাপ। কবির জানান, “আমার স্ত্রী পাগলপ্রায় হয়ে গেছেন। আজ আরবকে আনার পর তাকে ডেকে আনা হয়। সে পালিয়ে যাচ্ছে বারবার। বলছে, এখানে কেউ আছে। আমাকেও সে চিনতে পারছে না।” তিনি বলেন, বড় ছেলের মৃত্যুর পর থেকেই আয়েশা চুপচাপ হয়ে গেছেন এবং এখন একেবারেই ভেঙে পড়েছেন।
কবিরের ভাগিনা মো. নোমান বলেন, “আমার মামি অসংলগ্ন কথাবার্তা বলছেন। তিনি ছেলেদের ছবি দেখতে চাচ্ছেন না। ছবি দেখলেই ছিঁড়ে ফেলতে চাচ্ছেন।” তিনি জানান, কিছুক্ষণ কান্না করার পর আয়েশা আবার অন্যরকম আচরণ করছেন। বর্তমানে তাকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে।
গত দুই সপ্তাহ ধরে দুই সন্তানকে বাঁচাতে মোহাম্মদ কবির ও আমেনা বেগম এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে চক্কর কেটেছেন। বড় ছেলে আরাফাতকে প্রথমে সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতালে, পরে ইমপেরিয়াল হাসপাতালে এবং সবশেষ মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি।
শুক্রবার বড় ছেলে আরাফাত মারা যাওয়ার পর ছোট ছেলে আবু বক্করকে বাঁচানোর আকুতি জানিয়ে ছিলেন অসহায় বাবা-মা। কিন্তু তাদের সব আকুতি উপেক্ষা করে ছোট ছেলে ও চলে যায়। দুই শিশুর চিকিৎসায় ইতোমধ্যে প্রায় ৪ লাখ টাকা খরচ হয়েছে। কিন্তু হাসপাতাল থেকে শূন্য হাতে ফিরতে হয়েছে এই দম্পতিকে।
প্রতিনিধির নাম 

























