প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে লালমনিরহাটে — আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের লালমনিরহাট সফরকে স্বাগত জানাতে এবং মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত লালমনিরহাট’ এই র্যালির আয়োজন করে।
রবিবার (১৫ নভেম্বর) সকাল ১১টায় শহরের সোহরাওয়ার্দী মাঠ থেকে র্যালিটির উদ্বোধন করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও রূপকার এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, ‘আলোকিত লালমনিরহাট’ দীর্ঘদিন ধরে মাদক, জুয়া, যৌতুক, বাল্যবিবাহ ও বহুবিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে কাজ করে যাচ্ছে।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলার কুলাঘাট হয়ে বড়বাড়ির শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। এতে শিক্ষার্থী, তরুণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠান ও র্যালি শেষে আয়োজিত সমাবেশে আসাদুল হাবিব দুলু বলেন, প্রধানমন্ত্রী তার সফরে পিছিয়ে পড়া একটি অঞ্চলে সামাজিক অপরাধ কমানোর উদ্যোগ প্রত্যক্ষ করবেন। তিনি জানান, তরুণ সমাজকে অপসংস্কৃতি ও মাদকের ভয়াবহ প্রভাব থেকে দূরে রাখতে খেলাধুলা, শরীরচর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যেই এই আয়োজন।
র্যালিতে অংশগ্রহণকারীদের হাতে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধবিরোধী সচেতনতামূলক প্ল্যাকার্ড ও ফেস্টুন দেখা যায়। ত্রাণমন্ত্রী বলেন, সম্মিলিত প্রচেষ্টায় একটি সুখী, সমৃদ্ধ ও আলোকিত লালমনিরহাট গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোনীতা দাস, লালমনিরহাট পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন এবং ‘আলোকিত লালমনিরহাট’-এর নেতাকর্মীরা।
প্রধানমন্ত্রীর সফরকে জেলাবাসীর জন্য অত্যন্ত গৌরব ও আনন্দের বিষয় উল্লেখ করে আসাদুল হাবিব দুলু বলেন, এই উদ্যোগের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার আশা প্রকাশ করেন তিনি।
প্রতিনিধির নাম 



















