নিজস্ব প্রতিবেদক: সরকারি অর্থের স্বচ্ছতা, জবাবদিহি ও সাশ্রয়ী ব্যবহারের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি।
উপজেলার মুন্সিরকান্দি-লবাইরকান্দি ব্রিজ থেকে ব্রাহ্মণচক কলসভাঙ্গা ব্রিজ পর্যন্ত প্রায় ৩ দশমিক ৫ কিলোমিটার খাল পুনঃখনন কাজ সফলভাবে সম্পন্ন হওয়ার পর প্রকল্পের বরাদ্দ থেকে অব্যবহৃত ২০ লাখ ১৮ হাজার ৫৮৯ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।
জানা গেছে, খাল পুনঃখনন প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হয়েছে। এতে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি কৃষিজমিতে সেচ সুবিধা বৃদ্ধি এবং স্থানীয় পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রকল্প বাস্তবায়নের শুরু থেকেই ব্যয়ের ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হয়। প্রয়োজনীয় ব্যয় নির্বাহের পর যে অর্থ অব্যবহৃত থাকে, তা নিয়ম অনুযায়ী সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে। অব্যবহৃত অর্থ ফেরত দেওয়ার এই উদ্যোগ সরকারি অর্থ ব্যবস্থাপনায় দায়িত্বশীলতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হচ্ছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি বলেন, সরকারি প্রতিটি টাকাই জনগণের সম্পদ। তাই উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহি ও সঠিক ব্যয় নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। প্রয়োজনীয় কাজ সম্পন্ন হওয়ার পর যে অর্থ অব্যবহৃত থাকে, তা সরকারি কোষাগারে ফেরত দেওয়াই নিয়ম। সেই নিয়ম অনুসরণ করেই অব্যবহৃত ২০ লাখ ১৮ হাজার ৫৮৯ টাকা কোষাগারে জমা দেওয়া হয়েছে।
প্রতিনিধির নাম 



















