কিশোরগঞ্জের মিঠামইনে বিএনপি নেতা জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যাকাণ্ডের ঘটনায় তার ছোট ভাই আলমগীর শিকদারের নাম উঠে এসেছে। নিহত জাহাঙ্গীর ১৩ জুলাই নিজ বাড়ির গেটের সামনে ভাড়াটিয়া খুনিদের আক্রমণে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ঘটনার পর পুলিশ প্রধান ভাড়াটে খুনি হেলালকে আটক করে। থানা হেফাজতে থাকা অবস্থায় হেলাল পুলিশের কাছে জবানবন্দি দেন, যেখানে তিনি আলমগীর ও তার সহযোগী খোকাকে হত্যাকাণ্ডের জন্য ভাড়া করার কথা উল্লেখ করেন। একটি ভিডিও ফুটেজে হেলালকে বলতে শোনা যায়, আলমগীর তাকে বলেছিলেন, ‘যা টাকা লাগবে আমি দিব, কাজটা উঠিয়ে দেও।’
হেলালের দাবি অনুযায়ী, ১৩ জুলাই কিশোরগঞ্জ বাসস্ট্যান্ডে আলমগীরের সঙ্গে তার দেখা হয় এবং পরে খোকা তাকে মিঠামইনে নিয়ে আসে। নিহত বিএনপি নেতা জাহাঙ্গীরকে কুপিয়ে জখম করার জন্য তাদের নির্দেশনা দেওয়া হয়েছিল বলে জানান হেলাল।
এদিকে, নিহতের স্ত্রী তাসলিমা আক্তার চৌধুরী পুলিশ তদন্ত নিয়ে অভিযোগ করে বলেন, ‘হত্যাকাণ্ডের পর থেকেই আলমগীরের উপর সন্দেহ ছিল।’ তিনি আরও দাবি করেন, জেলখানা থেকে খুনি মোবাইলে আলমগীরের নাম উল্লেখ করেছিলেন।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনোয়ার মোহাম্মদ ভিডিওটির বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেছেন। বর্তমানে মামলাটি জেলা গোয়েন্দা সংস্থা ডিবিতে তদন্তের জন্য হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধির নাম 























