জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সদ্য পদত্যাগ করা সামান্তা শারমিনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের সমালোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। তিনি নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (০৬ নভেম্বর) মাহফুজ আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে বলেন, ছয় সদস্যের বৈষম্যবিরোধী লিয়াজোঁ কমিটি থেকে চার শতাধিক সদস্যের জাতীয় নাগরিক কমিটি গঠনে যাদের অবদান রয়েছে, তাদের নিয়ে অপপ্রচার করা হচ্ছে। তিনি উল্লেখ করেন, এ ধরনের ঘটনা আগে ঘটেছে এবং সামান্তা শারমিনের বিষয়েও একই ঘটনা ঘটেছে।
মাহফুজ আলম আরও বলেন, লিয়াজোঁ কমিটি ও নাগরিক কমিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ব্যক্তিদের অবদান ছাড়া এত দ্রুত একটি দল গঠন সম্ভব হতো না। তিনি বলেন, ‘কৃতজ্ঞতা না দেখাতে পারলে রাজনৈতিক সহাবস্থান ও ভালো চর্চার খাতিরে নীরব থাকুন।’
সম্প্রতি সামান্তা শারমিনের বাসা থেকে বস্তাভর্তি টাকা ও স্বর্ণালংকার উদ্ধারের দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট জানায়, ভিডিওটি সামান্তা শারমিনের নয়।
এদিকে, গত ২৩ অক্টোবর এনসিপি ঘোষিত নতুন কমিটিতে সামান্তা শারমিনকে যুগ্ম আহ্বায়কের পদ দেওয়া হয়, যা তার আগের অবস্থান থেকে পদাবনতি। এ কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হলে তিনি এনসিপি থেকে পদত্যাগ করেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ফেসবুক পোস্টের মাধ্যমে পদত্যাগের বিষয়টি জানান সামান্তা শারমিন।
প্রতিনিধির নাম 























