মোঃ আমিনুল ইসলামঃকুমিল্লার বরুড়ায় সড়কের পাশের সরকারি জায়গা থেকে অনুমতি ছাড়াই কয়েকটি তালগাছ কাটার অভিযোগ উঠেছে। স্থানীয়দের বাধার মুখে গাছ কাটার সঙ্গে জড়িত এক ব্যক্তি ঘটনাস্থল থেকে সরে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে একটি তালগাছ সম্পূর্ণ কেটে ফেলা হয়েছে। আরও দুটি গাছ অর্ধেক কাটার পর স্থানীয়দের বাধায় কাটা বন্ধ হয়।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের দক্ষিণ পাশে পাঁচপাড়া-বদরপুর স্বতন্ত্র ইফতেদায়ি মাদ্রাসার সড়কের পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, চাঁদপুরের কচুয়া উপজেলার জগতপুর এলাকার ভবানীপুর গ্রামের সাখাওয়াত (৩০) ওই সড়কের পাশে সরকারি জায়গায় থাকা তালগাছ কাটতে যান। তিনি একটি তালগাছ সম্পূর্ণ কেটে ফেলেন। পরে আরও দুটি তালগাছ কাটার সময় স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে বাধা দেন। একপর্যায়ে স্থানীয়দের বাধার মুখে তিনি ঘটনাস্থল থেকে সরে যান বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়রা জানান, অর্ধেক কাটা একটি তালগাছ এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। গাছটির পাশেই বৈদ্যুতিক তার থাকায় যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। সরকারি জায়গায় থাকা গাছ কাটার অনুমতি ছিল কি না, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
স্থানীয়রা জানিয়েছেন, অভিযুক্ত সাখাওয়াত পাঁচপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল বারেকের নাতি।
লক্ষ্মীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান বলেন, আমরা তাকে বাধা দিয়েছি। কিন্তু সে আমাদের কথা শোনেনি। পরে চেয়ারম্যানকে ফোন দিতে গেলে তিনি বরুড়ায় একটি মিটিংয়ে ছিলেন। চেয়ারম্যান সঙ্গে সঙ্গে গ্রাম পুলিশ পাঠান। গ্রাম পুলিশ আসার পর সাখাওয়াত গাছ কাটা বন্ধ করে সেখান থেকে সরে যায়।
লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম বলেন, ঘটনাটি আমি শুনেছি। আমাদের ওয়ার্ডের মেম্বার ফোন করে বিষয়টি জানিয়েছেন। এটা সরকারি জায়গা, এখানকার গাছও সরকারি। কার অনুমতি নিয়ে সে গাছ কেটেছে, তা পরিষদে গিয়ে বিস্তারিত জানতে পারব। তবে আপাতত গ্রাম পুলিশ পাঠিয়ে গাছ কাটা বন্ধ রেখেছি।
বরুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ বলেন, বিষয়টি শুনেছি। জানার পরই লক্ষ্মীপুর ভূমি অফিসের নায়েবকে তদন্ত করতে বলেছি। বিষয়টির সর্বশেষ তথ্যও আমি জানব।
প্রতিনিধির নাম 


















