জাতীয় মানবাধিকার পরিষদ পোশাক শ্রমিকদের ন্যায্য মজুরি ও অধিকার আদায়ের দাবির প্রতি সমর্থন জানিয়ে আন্দোলন ঘিরে সংঘটিত সহিংসতা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) জাতীয় মানবাধিকার পরিষদের চেয়ারম্যান অধ্যাপক এ এস এম মোস্তফা কামাল ও মহাসচিব অ্যাডভোকেট গোলাম কিবরিয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন স্থানে গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধি ও ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের দাবিতে চলমান আন্দোলন নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
শ্রমিকরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাড়িভাড়া এবং চিকিৎসা ব্যয়ের চাপের মুখোমুখি হয়ে ন্যায্য মজুরি ও মানবিক কর্মপরিবেশের দাবি জানাচ্ছেন। জাতীয় মানবাধিকার পরিষদ সরকারের প্রতি দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কিছু স্বার্থান্বেষী মহল শ্রমিকদের আন্দোলনের সুযোগ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ ও মানবাধিকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগও উদ্বেগজনক বলে উল্লেখ করা হয়।
জাতীয় মানবাধিকার পরিষদ সরকারের পাশাপাশি শ্রমিক সংগঠন ও মালিকপক্ষের প্রতি দায়িত্বশীল ও মানবিক ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে। আন্দোলন ঘিরে সংঘটিত সহিংসতা এবং পুলিশি বাড়াবাড়ির অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানানো হয়েছে।
প্রতিনিধির নাম 
























