ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের উখিয়া সীমান্ত ও শীলখালী চেকপোস্ট এলাকায় পৃথক পাঁচটি অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, বাংলা মদ ও পাচারকৃত সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সূত্রে এ তথ্য জানা গেছে।
বিজিবি জানায়, ১৭ জুন রাতে পালংখালী সীমান্তের বাহারপাড়া মিজানের কাঠি ঘের এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দুই চোরাকারবারি একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়।
একই রাতে শীলখালী চেকপোস্টে টেকনাফ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী মিনিবাসে তল্লাশি চালিয়ে ৩০৩ পিস ইয়াবাসহ নাসির উদ্দিন খোকন (২৩) নামে এক যুবককে আটক করা হয়। তার বাড়ি মহেশখালী উপজেলার বড় মহেশখালী এলাকায়।
এদিকে ১৮ জুন ভোরে পালংখালী বিওপির বিশেষ টহল দল পূর্ব ফারির বিল এলাকায় অভিযান চালিয়ে ৬ বস্তা সারসহ আব্দুল মানিক (২০) নামে এক ব্যক্তিকে আটক করে। তবে তার সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়।
একই দিন সকালে শীলখালী চেকপোস্টে কক্সবাজার থেকে টেকনাফগামী একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে ৬০ লিটার বাংলা মদসহ ফয়সাল (১৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অধিক দামে বিক্রির উদ্দেশ্যে মদ বহনের কথা স্বীকার করেন।
পরে বিকেলে টেকনাফ থেকে কক্সবাজারগামী আরেকটি সিএনজিতে অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবাসহ আব্দুল জলিল (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে শরীরে লুকিয়ে রাখা ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং অভিযান আরও জোরদার করা হয়েছে। চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধির নাম 


















