লালমনিরহাটের মজিদা খাতুন সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা পাঠ্যবই ও শ্রেণিকক্ষের ব্যস্ততা পেছনে ফেলে খেলাধুলা ও আনন্দে মেতে উঠেছেন। চার শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে কালেক্টরেট মাঠে অনুষ্ঠিত হয়েছে ক্রীড়া উৎসব। নতুন অধ্যক্ষের উদ্যোগে আয়োজিত এ উৎসব আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ শুরু হয়। দিনব্যাপী আয়োজনে বালিশ খেলা, দৌড়, চাকতি নিক্ষেপ, দীর্ঘ লম্ফ, শুয়ে সুতা পরানো ও ‘যেমন খুশি তেমন সাজো’সহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীরা জানান, পড়াশোনার পাশাপাশি এমন আয়োজন তাদের শারীরিক ও মানসিক প্রশান্তি দেয়। একই সঙ্গে সহপাঠীদের মধ্যে বন্ধুত্ব ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করে। নতুন অধ্যক্ষ দায়িত্ব নেওয়ার পর এমন আয়োজন করায় তারা আনন্দিত।
কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার রায় বলেন, ‘এই কলেজে যোগদানের পর মনে হয়েছে, শিক্ষার্থীদের জন্য এ ধরনের আয়োজন করা সম্ভব। সেই ভাবনা থেকেই ক্রীড়া প্রতিযোগিতার উদ্যোগ নিয়েছি। খেলাধুলা ও বিনোদনমূলক কার্যক্রম শিক্ষার্থীদের মন ও শরীর ভালো রাখতে সহায়তা করে।’
এ সময় কলেজের উপাধ্যক্ষ শরীফুল ইসলাম, শিক্ষক ধীরাজ কুমার রায়, মো. মোহামেদুল হক, মো. নাহিদ পারভেজ, মো. ওলিউজ্জামান, মো. আব্দুল করিম সাদেকীসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধির নাম 























