রামপুরায় চাঁদা না পেয়ে — রাজধানীর রামপুরায় চাঁদা না পেয়ে একটি ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানে ঢুকে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রতিষ্ঠানটির দুই কর্মী সাজু আহমেদ রুবেল (২৮) ও হাবিব (২৭) আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় রামপুরার ওয়াবদা রোডে তাকওয়া মসজিদের পাশে অবস্থিত ‘স্পিড টাচ নেটওয়ার্ক অ্যান্ড টেকনোলজি’ প্রতিষ্ঠানের ভেতরে এই ঘটনা ঘটে। চার-পাঁচজন যুবক প্রতিষ্ঠানটিতে ঢুকে গুলি চালায়, যার ফলে দুজন কর্মী আহত হন।
আহত হাবিব জানিয়েছেন, হামলাকারীদের একজন গুলি করার আগে বলেন, ‘টাকা দিলি না কেন?’ আরেকজন বলেন, ‘এখানে ব্যবসা বন্ধ করা যাবে না।’ হামলাকারীদের মধ্যে দুজনের মুখে মাস্ক এবং মাথায় ক্যাপ ছিল।
প্রতিষ্ঠানের নেটওয়ার্ক অপারেশন ইনচার্জ বন্দন কুমার সাহা জানান, ১৫-২০ দিন আগে গুজা বাদশা ও জনি নামের দুই ব্যক্তি মোবাইল ফোনে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। তারা চাঁদা না দিলে ওই এলাকায় ব্যবসা করতে দেওয়া হবে না বলেও হুমকি দিয়েছিলেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত রুবেলের ডান পায়ে এবং হাবিবের বাম হাতে গুলি লেগেছে।
আহত হাবিব চাঁদপুরের উত্তর মতলব উপজেলার দুলাল মিয়ার ছেলে এবং সাজু আহমেদ ঝালকাঠির নলছিটি উপজেলার ইউসুফ মিয়ার ছেলে। তারা দুজনই ওই প্রতিষ্ঠানের কার্যালয়ে অবস্থান করছিলেন।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।’
প্রতিনিধির নাম 






















