রিপোর্টার মোঃ হারুন মিয়া:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে দুই সহোদর মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১। এ সময় তাদের বসতবাড়ি থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়েছে।
গত শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল রূপগঞ্জ থানাধীন ভূলতা ইউনিয়নের পাড়াগাঁও মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ওই এলাকার একটি বসতবাড়ি থেকে মো. নিঘুম (৩০) ও মো. ইমন (২৮) নামের দুই সহোদর মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে তাদের হেফাজত থেকে ৬ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানায়, গ্রেপ্তারকৃত দুই ভাই মৃত আনোয়ার আলীর ছেলে ও মোসা. আয়েশা বেগমের সন্তান। তাদের বাড়ি রূপগঞ্জ উপজেলার ভূলতা ইউনিয়নের পাড়াগাঁও মধ্যপাড়া গ্রামে। তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ও গাঁজা সংগ্রহ করে ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা দরে বিক্রি করে আসছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।
প্রতিনিধির নাম 

























