হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের রতনপুর এলাকায় বাসচাপায় তানভীর (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত তানভীর হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা এলাকার বাসিন্দা। তিনি সবরাজ মিয়ার ছেলে এবং তার পৈতৃক বাড়ি সিলেটে। ছোটবেলায় মা-বাবাকে হারানোর পর নানাবাড়ি লাখাইয়ে বেড়ে ওঠেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, তানভীর শায়েস্তাগঞ্জের একটি কম্পিউটারের দোকানে চাকরি করতেন। একটি নষ্ট কম্পিউটার মেরামতের জন্য মোটরসাইকেল নিয়ে হবিগঞ্জে গিয়েছিলেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে রতনপুর এলাকায় একটি টমটমকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তানভীরের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন বাসটি আটকে সড়ক অবরোধ করেন, যার ফলে প্রায় এক ঘণ্টা ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল হক সড়ক দুর্ঘটনায় তানভীরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিনিধির নাম 

























