নিজস্ব প্রতিবেদক: দেশের পর্যটন খাতকে গতিশীল ও লাভজনক করতে উদ্ভাবনী উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে প্রত্যাশিত অগ্রগতি না হওয়ায় এখন সময় এসেছে পরিকল্পিত পদক্ষেপ গ্রহণ ও কার্যকর বাস্তবায়নের মাধ্যমে এ খাতকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার।
আজ পর্যটন ভবনে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
আফরোজা খানম উল্লেখ করেন, সরকার বাংলাদেশ পর্যটন কর্পোরেশনকে একটি লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে কাজ করছে।
তিনি আরো জানান, গত ১৭ বছরে পর্যটন খাতে কাঙ্ক্ষিত উন্নয়ন না হওয়ায় বর্তমান সরকার সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়নে গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি পর্যটন খাতের কার্যক্রমকে আরো দৃশ্যমান করতে ব্যাপক প্রচারণা এবং পর্যটন স্পটগুলোর কৌশলগত ব্র্যান্ডিং জরুরি বলে তিনি মত দেন। এ লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন ও উদ্ভাবনী উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেন তিনি।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, দীর্ঘদিন ধরে লোকসানে থাকা হোটেল ও রেস্তোরাঁগুলো চিহ্নিত করে সেগুলোকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরো জানান, এ উদ্দেশ্যে জেলা পর্যায়ে সরেজমিন পরিদর্শন করা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এছাড়া কর্পোরেশনের বিদ্যমান যানবাহনসমূহ পর্যায়ক্রমে পরিবেশবান্ধব ইলেকট্রিক যানবাহনের মাধ্যমে প্রতিস্থাপনের নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।
সভায় বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ড-এর ইতিহাস, রূপকল্প, অভিলক্ষ্য ও চলমান কার্যক্রমের ওপর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানাসহ মন্ত্রণালয়, কর্পোরেশন এবং ট্যুরিজম বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রতিনিধির নাম 






















